১০ বিলিয়ন বার দেখার প্রথম রেকর্ড গড়লো ‘বেবি শার্ক’

১৫ জানুয়ারি, ২০২২ ২১:৫৯  
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর রেকর্ড রয়েছে ‘বেবি শার্ক ড্যান্স’ ভিডিওটির। তবে একমাত্র ভিডিও হিসেবে ১০ বিলিয়ন ভিউ বা এক হাজার কোটি বার দেখার মাইলফলকও পার করেছে পিংকফংয়ের ভিডিওটি। খবর এনগ্যাজেট। খবরে বলা হয়, গত বৃহস্পতিবারই ভিডিওটি ১০ বিলিয়ন বার দেখার গড়ে বলে জানায় ইউটিউব। খুব শিগগিরই এই রেকর্ড ভাঙ্গবে বলে মনে হয়না, কারণ সবচেয়ে জনপ্রিয় ভিডিও তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা দেসপাসিতো ভিডিওটির বর্তমান ভিউ সংখ্যা ৭.৭ বিলিয়ন। ২০১৬ সালে ইউটিউবে মিউজিক ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’ প্রকাশ করা হয়। দক্ষিণ কোরিয়ার শিক্ষাবিষয়ক কোম্পানি পিংকফংয়ের পরিকল্পনায় এবং কোরীয়-আমেরিকান গায়ক হোপ সেজিওনির কণ্ঠে ভিডিওটি নির্মাণ করা হয়। প্রকাশের পরপরই এশিয়া অঞ্চলে ভিডিওটি জনপ্রিয় হয়ে ওঠে। তবে যুক্তরাষ্ট্রের দর্শকদের কাছে জনপ্রিয়তা পায় ২০১৯ সালের পর। ২০২০ সালের নভেম্বরে ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর রেকর্ড গড়ে ভিডিওটি। হাজার কোটি বার দেখার এই ‘মাইলফলক’ উদযাপন করতে বিশ্বের শিশুদের ‘বেবি শার্ক ড্যান্সের’ মুহূর্তটি তাদের সঙ্গে শেয়ার করার আমন্ত্রণ জানিয়েছে পিংকফং। ডিবিটেক/বিএমটি